কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে শীত জেঁকে বসেছে। তাপমাত্রার পারদ ৯ থেকে ১১ ডিগ্রিতে ওঠানামা করছে প্রতিনিয়ত। ফলে তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, মঙ্গলবার সকাল ৬টায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা গত দিনের চেয়ে আরো কমেছে।
প্রচন্ড ঠান্ডায় জেলার জনজীবন কাহিল হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া শ্রমিক শ্রেণির মানুষ পড়েছেন চরম বিপাকে। অনেকেই তাপমাত্রা নিতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জেলার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসমুহে প্রতিদিন বাড়ছে শীতজনিত নানা রোগী যাদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। পাশাপাশি গবাদি পশুগুলোরও কষ্ট বেড়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী এলাকার কদমতলার কৃষক কছিম মিয়া জানান,দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আমাদের বোরো বীজতলার চারাগুলো কুয়াশায় ঢেকে দিয়েছে। ফলে চারাগুলো নিয়ে অনেক টেনশনে আছি। কখন যে কী ক্ষতি হয়। লালচে ও হলুদে রং ধারণ করছে অনেক বীজ।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ মাসে আরো দু একটি মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে। গত তিন দিনে তাপমাত্রা কমছে এবং দেখা যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
বিডি প্রতিদিন/হিমেল