নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাৎসরিক ছুটির ভাতা দাবিতে আন্দোলনের মুখে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ পুল এলাকার ওই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা বেশ কিছুদিন ধরে বাৎসরিক ছুটির ভাতা দাবি করে আসছিলেন। ভাতা পরিশোধের জন্য চলতি মাসের ১০ তারিখ সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে তাদের দাবি পূরণ না করায় তারা আন্দোলনে নামেন।
এদিকে কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলমান পরিস্থিতিতে কর্ম পরিবেশ অনুকূলে নেই। শ্রম আইন অনুসারে সে কারণ দেখিয়ে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশ-৪-এর নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক সেলিম বাদশা বলেন, বাৎসরিক ছুটির ভাতা দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এ পরিপ্রেক্ষিতেই কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
বিডি-প্রতিদিন/এমই