বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিন্দুমাত্র ছাড় দেননি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, কারাগারে থেকে গুরুতর অসুস্থতা সবকিছু সত্ত্বেও বেগম খালেদা জিয়া কখনো দেশের মায়াত্যাগ করে বিদেশে যাওয়ার কথা ভাবেননি। দেশের প্রতি এই ভালোবাসার প্রতিদান হিসেবে মানুষ তাকে ভালোবাসা দিয়ে স্মরণ করছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকার তারেক রহমান এবং আমরা তার আদর্শের উত্তরাধিকার। জিয়া পরিবার দেশের মানুষের জন্য বহু ত্যাগ স্বীকার করেছে। মানুষকে ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহ দিন। যাকে ভালো লাগে, যে মার্কায় ইচ্ছা ভোট দেবে— আমরা হার-জিত মেনে নেব।
দোয়া ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাদারীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজ আলম ঢালী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন।
আজাদ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কেএ