গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতা বাড়াতে ‘ভোটের গাড়ি’ এখন বাগেরহাটে অবস্থান করছে। “গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে সকালে গাড়িটি জেলার মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছায়।
দুপুর ১২টায় স্থানীয়দের মাঝে গণভোট, সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। আয়োজকেরা জানান, এই গাড়িটি কোনো নির্দিষ্ট প্রার্থীর প্রচারণা করছে না; বরং দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচন এবং গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিই এর মূল উদ্দেশ্য।
ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাইযোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএর মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা এবং তরুণ ও নারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন হচ্ছেন।
বাগেরহাটে ভোটের গাড়ির এই প্রচারণায় উপস্থিত ছিলেন জেলা গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুষ্মিতা সাহাসহ স্থানীয়রা।
পরে বিকেলে মোল্লাহাট উপজেলার গাওলা ও কোদালিয়া ইউনিয়ন পরিষদ মাঠেও ভোটের গাড়ি থেকে গণভোট ও নির্বাচন বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল