‘গণভোট ২০২৬: সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুরুতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের গণভোট বিষয়ক রেকর্ডেড বক্তব্য ডিসপ্লেতে প্রচার করা হয়, যেখানে তিনি গণতন্ত্র রক্ষায় জনগণকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান।
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এই গণভোটের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরা হচ্ছে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশ পরিবর্তনের পথে এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, এতে নাগরিকরা তাদের মুক্ত মত প্রকাশের সুযোগ পাবেন। একই সঙ্গে তিনি উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের আহ্বান জানিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি।
বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে ভোটাধিকার প্রয়োগে বাধা থাকায় নাগরিকরা হতাশ ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা প্রত্যাশা প্রকাশ করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল