ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে আদালত তিন আসামিকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দি দেওয়া দুই আসামি হলেন বাসচালক মো. আলতাফ ও চালকের সহকারী মো. রাব্বি।
পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়ার উদ্দেশ্যে ওই নারী বাসে ওঠেন। পরে অন্যান্য যাত্রীরা বাস থেকে নেমে গেলে ওই নারীকে জোরপূর্বক আটকে রাখা হয়। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
পরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকলে হাইওয়ে পুলিশ সেটি আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুরো ঘটনা জানতে পেরে পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং আসামিদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় বাসচালক, চালকের সহকারীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হলে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/এমই