নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে আমেনা বেগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। একই ঘটনায় স্থানীয় লোকজনের গণপিটুনিতে এক ছিনতাইকারীও মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায়।
নিহত আমেনা বেগম কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আমেনা বেগম বাড়ি ফেরার পথে কেরাবো রাস্তার মোড়ে ২–৩ জনের একটি ছিনতাইকারী দলের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে আমেনা বেগম এক ছিনতাইকারীকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। ওই সময় ছিনতাইকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার গলায় ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে।
ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে আমেনা বেগম ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেন। এতে অজ্ঞাতনামা ওই যুবক (আনুমানিক ২৫) ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা আহত আমেনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গৃহবধূ ও ছিনতাইকারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন