ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স অংশগ্রহণ করে মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়া এমন এক সময়ে ইন্তেকাল করেছেন, যখন দেশ ও জাতির জন্য তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সংকটময় সময়ে দেশনেত্রীর অভাব জাতি গভীরভাবে অনুভব করছে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের নির্বাচন। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সাধারণ মানুষের মুখে আবারও হাসি ফুটবে।
দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে মরহুমার রুহের শান্তি, দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। শোক সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ