ভোলায় ‘হৃদরোগে মৃত্যু’র ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দেখিয়ে মামলা দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার ভোলা শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে তারা জানান, চরফ্যাশন উপজেলার চরকলমি এলাকায় আধু মৃধার সঙ্গে একই বাড়ির আলাউদ্দিন মৃধার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বছরের ৪ নভেম্বর আধু মৃধা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভুক্তভোগী পরিবারের দাবি, আধু মৃধার মৃত্যু হয়েছে হৃদরোগজনিত কারণে। হাসপাতালের ডেথ সার্টিফিকেটেও মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ উল্লেখ রয়েছে। প্রয়োজনে ময়নাতদন্তের মাধ্যমে বিষয়টি প্রমাণ করা সম্ভব।
তারা অভিযোগ করেন, এই মৃত্যুর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আধু মৃধার ছেলে আল আমিন মৃধা বাদী হয়ে আলাউদ্দিন মৃধাসহ চারজনের বিরুদ্ধে শশীভূষণ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে আলাউদ্দিন মৃধার মেয়ে ইসরাত জাহান বলেন, মামলাটি তুলে নেওয়ার শর্ত হিসেবে বাদীপক্ষ জমি লিখে দেওয়ার প্রস্তাবও দিয়েছে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, আধু মৃধার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে তাদের মুক্তি দেওয়া হোক।
বিডি-প্রতিদিন/এমই