নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় হাজী সিরাজ মিয়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
হাজী সিরাজ মিয়া (৪৫) ফজুল হকের ছেলে এবং পেশায় মৎস্য ব্যবসায়ী। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ সম্পদ লুট করে নেয়। ডাকাতদের হামলায় তার ছেলে আহত হয়েছেন।
ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া জানান, ঘটনার সময় পরিবারের সবাই জেগে ছিলেন। হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। তারা একে একে সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
ডাকাতরা বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। বাধা দিতে গেলে তার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল