কুমিল্লার নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে শনিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
গতকাল শুক্রবার সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষের লোকজন আত্মগোপনে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়া গ্রামের ছালেহ আহাম্মদ গোষ্ঠী ও নিহত আলা উদ্দিনের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ছালেহ আহাম্মদ ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের সন্তানরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় আলা উদ্দিন গোষ্ঠীর সিরাজ মিয়ার ছেলে আমিনুল ইসলামকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুষ্কৃতকারীদের ব্যবহৃত গুলির কার্তুজ ও আতশবাজি সদৃশ চকলেট বোমাসহ বিভিন্ন আলমত উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এমই