গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় স্কুটি আরোহী এক চিকিৎসক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চিকিৎসকের নাম মিশুক ভট্টাচার্য (৩৮)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার মৃত পিন্টু ভট্টাচার্যের ছেলে। বর্তমানে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন। পেশাগত জীবনে তিনি নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যায় কর্মস্থল পলাশ থেকে স্কুটি চালিয়ে বাসায় ফিরছিলেন মিশুক ভট্টাচার্য। রাত পৌনে ৮টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সুজন