মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন বলেছেন, দীর্ঘ ১৭ বছর আপনাদের সঙ্গে নিয়ে আমি রাজপথে ছিলাম। আন্দোলন-সংগ্রাম করেছি, কখনো আপনাদের ছেড়ে যাইনি। নবাগত লোক এসে কত কথাই না বলে, কিন্তু তারা তো রাজপথে ছিল না।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীপুরা বালুর মাঠে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও এক হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কয়েক দিন আগে হোসেন্দীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে, এখনো আমরা বিএনপি নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়ার খবর পাচ্ছি। আমরা এখনো প্রশাসনের কাছ থেকে কোনো বিচার পাইনি। আমি প্রশাসনকে বলছি, আপনার আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহসভাপতি মুহা. মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম শহীদ, কাজী আবু সুফিয়ান বিপ্লব, গজারিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মু. মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস মিয়াজী মোহন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওহিদুজ্জামান ওহিদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মহিবুর রহমান রিফাত প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি