শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ ওই পরিষদের আরও আটজন জনপ্রতিনিধি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন তারা।
যোগদান শেষে শুভেচ্ছা বক্তব্যে ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, তুহিন ভাইয়ের মতো একজন প্রার্থী পেয়ে আমরা গর্বিত। তিনি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। আমরা নীলফামারীর উন্নয়ন চাই। এ জন্য তুহিন ভাইয়ের কোনো বিকল্প নেই। তাঁর হাত ধরেই এ এলাকায় পরিবর্তন আসতে পারে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপু।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নীলফামারীকে নিরক্ষরমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি একে শিক্ষানগরী ও স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুধু ইপিজেডেই নয়, আরও এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা আছে। দল-মত নির্বিশেষে নীলফামারীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে নীলফামারী জেলাকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।
বিএনপিতে যোগদানকারী জনপ্রতিনিধিদের মধ্যে রয়েছেন- মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম ও মমতা বেগম।
অনুষ্ঠান শেষে যোগদানকারী নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
বিডি-প্রতিদিন/মাইনুল