গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৪৬) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটির চালক আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দরগঞ্জ–বামডাঙ্গা সড়কের সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ছাইতানতোলা বাজার থেকে গরুবাহী একটি ভটভটি সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন ও ভটভটির চালক সাইফুল ইসলাম গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভটভটিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ভটভটিটি থানায় রয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল