মুন্সীগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারের পর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম রবিনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম রবিনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- বহিষ্কৃত নেতার কোনও ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। এতে আরও বলা হয়- জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য, এর আগে শ্রীনগরে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই হওয়া পিকআপ ভ্যানসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম রবিনকে গ্রেফতার করে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত ভোরে শ্রীনগর জমজম টাওয়ারের পেছন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি নেভি ব্লু রঙের পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ