কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এসব তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জানুয়ারি বুধবার দিনব্যাপী কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন জেলেপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা কর হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার চর ঘেরা জাল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, জব্দকৃত অবৈধ জালসমূহ মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিডি-প্রতিদিন/তানিয়া