রাঙামাটিতে মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত নারীর নাম মনিরা বেগম (৬০)।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতার কেন্দ্রের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে চালের বস্তা বোঝাই একটি মালবাহী ট্রাক রাঙামাটির দিকে আসছিল। মহাসড়কের মানিকছড়ি বেতার কেন্দ্রের শিমুলতলী এলাকায় পাহাড়ি সড়কে উঠতে না পেরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাকটির পাশ দিয়ে একটি চলন্ত অটোরিকশা (সিএনজি) যাচ্ছিল। ট্রাকের চাপায় অটোরিকশাটি ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মনিরা বেগম ও চালক আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মনিরা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও ডা. সওকত আকবর চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মনিরা বেগম ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ