পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে শাহজালাল হাওলাদার (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ওমেদপুর কালভার্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল লতাচাপলী ইউনিয়ন পরিষদে দফাদার পদে চাকরি করতেন। আহত ব্যক্তির নাম হায়দার আলী(৭০)। তিনি দুর্ঘটনায় নিহত শাহজালাল হাওলাদালের বাবা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাগনের বিয়েতে অংশ নেওয়ার জন্য উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে মোটরসাইকেল করে রওনা দেন শাহজালাল হাওলাদার ও তার পিতা হায়দার আলী। তারা চাকামাইয়া ইউনিয়নের নিশানাবাড়িয়া গ্রামের যাওয়ার কথা ছিল।
তবে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ওমেদপুর কালভার্ট সংলগ্ন এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর শাহজালাল হাওলাদারের মৃত্যু হয়। অবস্থা গুরুতর হওয়ায় হায়দার আলীকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্ঘটনার পর বাসটি আটকে পুলিশের অভিযান চলছে।
বিডি প্রতিদিন/কামাল