কুড়িগ্রামের উলিপুরে চাচাতো ভাইয়ের বিয়েতে লাইটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লক্ষণ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দলবাড়ি দাসপাড়া গ্রামে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়ি এলাকার নিরঞ্জন রায়ের ছেলে লক্ষণ রায় (২৫)তার বাড়ির পাশে চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে লাইটিংয়ের বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এসময় আকষ্মিকভাবে সে অসাবধানতাবশত ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে এ ঘটনায় থানায় একটি অপমৃতু্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম