গাইবান্ধার সাঘাটা উপজেলার নীলকুঠি গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক পারিবারিক ট্র্যাজেডি। ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর খবরে শোক সইতে না পেরে অল্প সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করেছেন তার মা। একই ঘটনায় শোকে ভেঙে পড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবা।
নিহত আশরাফুল ইসলাম (২৮) সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুপুর আনুমানিক ১২টার দিকে আশরাফুল ইসলামের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছায়। খবরটি শোনামাত্রই তার মা আছিয়া বেগম (৪৮) চিৎকার দিয়ে ওঠেন এবং মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করনে।
স্বজনরা জানান, ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি। অল্প সময়ের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। চোখের সামনে স্ত্রীকে হারানো এবং ঢাকায় ছেলের মৃত্যু সংবাদে আশরাফুল ইসলামের বাবা রহিম উদ্দিনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নিহত আশরাফুলের চাচা রফিকুল ইসলাম বলেন, আশরাফুল খুব দায়িত্বশীল ছেলে ছিল। পরিবারের হাল ধরতে ঢাকায় কষ্ট করে চাকরি করত। শুক্রবার নামাজের সময় এমনভাবে তাকে হারাতে হবে, এটা আমরা কল্পনাও করিনি। ছেলের শোকেই তার মা চলে গেল, একদিনে আমাদের পরিবার যেন সব হারাল।
শুক্রবার সন্ধ্যায় এ পর্যন্ত প্রতিবেদন লেখা সময় আশরাফুল ইসলামের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়নি। পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ পৌঁছালে মা ও ছেলের দাফন একসাথেই সম্পন্ন করা হবে।
বিডি প্রতিদিন/এএম