গাইবান্ধা জেলা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসসহ পাঁচটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে শহরের সার্কুলার রোডের তাজ সিনেমা হল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করে বাঁধন প্রিন্টিং প্রেসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের আদিত্য স্টোর, নিয়ত ভ্যারাইটিস, ছোটনের দোকান ও রতনের সেলুনে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটারদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই পাঁচটি প্রতিষ্ঠানের ভেতরের মালামাল, যন্ত্রপাতি ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ