মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোট গ্রামের ভুট্টাক্ষেত থেকে একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল ও দুটি রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
রবিবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনী গাংনী ক্যাম্পের এক বিশেষ অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর অভিযান সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র গুলি পাচার হয়ে বাংলাদেশের অভ্রান্তরে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতায় অস্ত্রের গন্তব্যে ও সম্ভাব্য অভিযান নিয়ে ছক করা হয়। গাংনী সেনাবাহিনী ক্যাম্পের মেজর আহমেদ ফজলে রাব্বি নিলয় ও ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান দুটি অভিযান দল নিয়ে ভোরে অভিযান পরিচালনা করেন। এসময় একটি ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনীর অভিযান দল।
গাংনী থানার ওসি উত্তমকুমার দাস জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি গাংনী থানায় দেওয়া হয়েছে । তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বিডি-প্রতিদিন/মাইনুল