চুয়াডাঙ্গার সীমান্ত এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকাল থেকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ কার্যক্রম শুরু করে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, নির্বাচন কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান, অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিজিবির এ কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এমই