ঘড়ির কাটায় আনুমানিক ভোর ৫টা বাজে। সবার চোখে ঘুমঘুম ভাব। এ সময় হঠাৎ একটি রড বোঝায় ট্রাক এসে পুলিশের পিকআপ গাড়ির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে সেতুর পিলারে গিয়ে ধাক্কা মারে। তখন লাফ দিয়ে না পালিয়ে গাড়ির স্টিয়ারিং আরও শক্ত করে ধরে ঝোপঝাড়ের ভিতর দিয়ে গাড়িটিকে দক্ষ হাতে নিয়ন্ত্রণ করেন চালক।
এরপর তিনি (চালক) ইঞ্জিন চালু রেখে গাড়িটিকে হ্যান্ডব্রেক করেন এবং দ্রত বাইরে এসে সড়কের ওপর ছিটড়ে পড়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আর এতেই চালকসহ প্রাণে বেঁচে ফিরলেন চার পুলিশ সদস্য।
কুষ্টিয়া - রাজাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা এলাকার মেসার্স কুমারখালী ব্রিকসের সামনে রবিবার (২৫ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের পিকআপ গাড়িটির পিছন ও সামনের অংশের বেশখানেকটা ভেঙে গেছে। এ ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন চার পুলিশ। তবে ঘাতক ট্রাকটিকে সনাক্ত করতে বা জব্দ করতে পারিনি পুলিশ।
আহতরা হলেন - কুমারখালী থানার সহকারী উপপরিদর্শক ( এ এস আই) বসির উদ্দিন, পুলিশ সদস্য জসিম উদ্দিন ( গাড়ি চালক), ফিরোজ আহমেদ ও সজিব বিশ্বাস। তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, থানা চত্বরে রাখা রয়েছে দুর্ঘটনার শিকার পিকআপ গাড়িটি। তার সামনে ও পিছনের অংশে ভাঙচুরের ক্ষত। গাড়িটি পরিবেক্ষণ করছেন থানার ওসি জামাল উদ্দিন। পাশেই দাঁড়িয়ে আছেন চালক জসিম উদ্দিন। তার চোখেমুখে আতঙ্কের চাপ।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, আল্লাহর রহমতে এবং চালকের দক্ষতায় প্রাণে বেঁচে ফিরেছেন আমার চার সহকর্মী। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে মোটামোটি সুস্থ আছেন। তবে গাড়িটির পিছনে ও সামনের অংশ ভেঙে গেছে। ঘাতক ট্রাকটি সনাক্তে কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল