নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফিকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে এ আদেশ দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার আসনটির নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মো. মেহেদী হাসান এ আদেশ দিয়েছেন। ২৯ জানুয়ারি অভিযুক্ত রাফিকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, মোহাম্মদ নজরুল ইসলাম নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে বেআইনি কর্মকাণ্ডের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করে দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার নামোশংকরবাটি এলাকায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা আজিজুল হক নূরের ওপর হামলার ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/এমই