ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে যুবলীগের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তি উখিয়া উপজেলার পাগলীর বিল এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন (৩২)। তিনি স্থানীয়ভাবে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও অভিযোগ রয়েছে।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বোরহান উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে নাশকতার পরিকল্পনা, মাদক কারবার এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত পাওয়া গেছে বলে জানানো হয়। আটক বোরহান উদ্দিন উখিয়া উপজেলার ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নাশকতাকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম