গাইবান্ধায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একে একে মারা গেছে কৃষকের গোয়াল ঘরে থাকা পাঁচটি গরু। বৃহস্পতিবার রাতে গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে কৃষক মোস্তাক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় হতবাক পরিবারটি এখন দিশেহারা।
কৃষক মোস্তাক মিয়া জানায়, সারাদিন স্বাভাবিকভাবেই ভূট্টার ঘাস খাওয়ানোর পর সন্ধ্যায় গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রাখা হয়। পরে রাতে হঠাৎ করে একটির পর একটি গরু ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা পানি খাওয়ানোসহ বিভিন্নভাবে চেষ্টা করলেও মাত্র কয়েক মিনিটের মধ্যেই ৫টি গরুই মারা যায়।
তিনি বলেন, ‘চোখের সামনে কয়েক মিনিটে এতগুলো গরুর মৃত্যু হবে এমন কখনো ভাবিনি। মোট নয়টি গরু ছিল ছোট বাচ্চা গুলো অন্য জায়গায় বাঁধা ছিলো তাই ওগুলো বেঁচে থাকলেও ৫টি মারা যায়। আমার সবকিছু শেষ হয়ে গেল।’
ঘটনার পর স্থানীয়দের মাঝে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। গোপালপুর গ্রামের কৃষকরা জানান, তারা নিয়মিত ভূট্টা ঘাস গরুকে খাওয়ান। একই ধরনের বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে আশঙ্কায় তারা এখন শঙ্কিত।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত বলেন, ঘটনাটি নজরে আসার পর পরই বিষয়টি তদন্ত করে দেখতে কৃষকের বাড়িতে দুইজন প্রতিনিধি পাঠিয়েছি। প্রাথমিক অনুসন্ধানে যেটি ধারণা করা হচ্ছে গরুগুলো কাঁচা ভুট্টার ঘাস খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল। ভূট্টা গাছের নরম ডাঁটা ও পাতা খেয়ে প্রাকৃতিকভাবে নাইট্রেটের মাত্রা বেড়ে যায় যেটিকে "নাইটট্রেট পয়জনিং এর ফলে গরুর মৃত্যু হতে পারে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/এএম