মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, জামালপুর গ্রামের মৃত আহমেদ দেওয়ানের ছেলে কাইয়ুম দেওয়ান (৪২) এবং তার আত্মীয় ও বাউশিয়া ইউনিয়নের পুড়াচক বাউশিয়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে শরীফ প্রধান (৪১)। আহতদের মধ্যে কাইয়ুম দেওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত কাইয়ুমের ছোট ভাই মাইনুদ্দিন দেওয়ান জানান, কাইয়ুম দেওয়ান নারায়ণগঞ্জে ব্যবসা করেন। শুক্রবার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। আসর নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে কয়েকজন কাইয়ুমের ওপর হঠাৎ হামলা চালায়।
মাইনুদ্দিনের দেওয়ান অভিযোগ করেন, ‘গুয়াগাছিয়ায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য আমার বড় ভাই কাইয়ুম দেওয়ান বাড়ি ভাড়া দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। পাশেই পুলিশ ক্যাম্প থাকলেও কেউ এগিয়ে আসেনি।’
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার জানান, ‘বিকেলে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কাইয়ুম দেওয়ানের পায়ে গুলিজাতীয় কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা পাঠানো হয়েছে। অন্য আহত শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘ঘটনাটি শোনার পরপরই আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিডি-প্রতিদিন/এমই