রেজিস্ট্রেশনবিহীন একটি অবৈধ ইজিবাইক সংগঠনের কার্যক্রম বন্ধের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন।
রবিবার দুপুর ১২টায় ইউনিয়নের নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন।
এর আগে শহরের পরমাণু চিকিৎসা কেন্দ্র–সংলগ্ন জোড়াব্রিজ এলাকায়, দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধভাবে পরিচালিত জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দিনাজপুর জেলা ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি আইন অমান্য করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ ঘোষণার পরও গত ৫ ফেব্রুয়ারি ভোর থেকে সংগঠনটির সদস্যরা দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় সাধারণ অটোরিক্সা শ্রমিকদের ওপর হামলা ও হয়রানি চালায় বলে অভিযোগ করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, ওই দিন অটোরিক্সার চাবি কেড়ে নেওয়া, অসুস্থ রোগী ও স্কুলশিক্ষার্থীদের জোরপূর্বক অটোরিক্সা থেকে নামিয়ে দেওয়া এবং কয়েকটি অটোরিক্সা ভাঙচুরের ঘটনাও ঘটে। শহরের প্রধান সড়কগুলোতে অটোরিক্সা আটকিয়ে শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হয়, যা সম্পূর্ণ অমানবিক ও বেআইনি।
দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নয়ন ও সাধারণ সম্পাদক মো. আরমান স্বাক্ষরিত স্মারকলিপিতে অবিলম্বে ওই রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক সংগঠনের সব ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।
বিডি-প্রতিদিন/সুজন