গাইবান্ধার সাঘাটায় একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারকোনা বাজার সংলগ্ন স্থানীয় বিএনপির নির্বাচনী অফিসের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বারকোনা বাজার এলাকার স্থানীয় বিএনপির নির্বাচনী অফিসের সামনে সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যোগ দেন। যৌথ বাহিনীর উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, ককটেলসদৃশ বস্তুটি উদ্ধারের পর নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ককটেল উদ্ধারের বিষয়টি নিয়ে আমরা সাঘাটা থানায় গিয়ে বিস্তারিত জানাবো।
বিডি-প্রতিদিন/মাইনুল