দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালকের সহকারী ও রিকশাভ্যান আরোহী নিহত হয়েছেন। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে কার্ভাড ভ্যানের সংঘর্ষে আল- আমিন নামে ভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন।
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
অপরদিকে শনিবার সন্ধার আগে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দরে যাত্রীবাহি বাসের ধাক্কায় রিকশাভ্যান আরোহী রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। চিরিরবন্দরের পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারের সন্নিকটে ১৩ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, আল- আমিন (৪০) ঘোড়াঘাট উপজেলার সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা এবং রফিকুল ইসলাম (৫০)পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দর গ্রামের কচুয়াপাড়ার শমিজ উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও কার্ভাড ভ্যান দুইটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, রবিবার ভোরে মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া লেনের পাশে মাল বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কেভিন এর মধ্যে আটকে পড়ে চালক ও চালকের সহকারী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করেন। আহত চালককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
অপরদিকে, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, শনিবার সন্ধ্যার আগে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহি বাসের সাথে আমবাড়ীগামী একটি রিকশা ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত রফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় রফিকুল ইসলাম শনিবার রাত পৌনে ৮টার দিকে মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/এএম