ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদের পক্ষে শেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে আয়োজিত এই গণমিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন।
সকাল থেকেই ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের উজির আলী স্কুল মাঠে এসে জমায়েত হতে থাকেন। বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে গণমিছিল শুরু হয়।
ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সম্বলিত পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়গুলো ঘুরে আবার উজির আলী স্কুল মাঠে এসে শেষ হয়।
গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতেই এই শেষ নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন