টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লবণের মাঠ এলাকায় যৌথ অভিযানে পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দুপুর ২টার দিকে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে নেওয়ার প্রস্তুতি চলছিল। এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় মাদক কারবারিরা পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরী পাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি ইয়াবা বহন করে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি বুঝে নৌবাহিনীর আভিযানিক দল দ্রুত অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া চালায় এবং মাদকভর্তি বস্তাগুলো জব্দ করতে সক্ষম হয়।
পরে ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে মোট পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম