বরিশাল নগরীর উপকণ্ঠ মতাশার এলাকার খালের মধ্যে থেকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পড়ে থাকা চায়ের দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মতাশার ব্রীজের পাশে খালের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
ওই তরুন হলো-মতাশার এলাকার বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী রিয়াজ হাওলাদারের ছেলে রিয়াদ হোসেন বাবু (২২)।
লাশ উদ্ধার করা কাউনিয়া থানার এসআই জুয়েল শেখ বলেন, রাত ১০ টা পর্যন্ত জুয়েলকে এলাকায় দেখা গেছে। সকাল বেলা পরিবার বাড়ির পাশে খালের মধ্যে তার লাশ দেখতে পায়। পরে তারা উদ্ধার করে তীরে নিয়ে আসে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মৃত্যুর কারন জানতে ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই জুয়েল বলেন, বাবুর শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তার সাথে কারো শত্রুতা নেই। কিভাবে মৃত্যু হয়েছে তা কেউ ধারনাও করতে পারছেন না। বাবুর মৃগীসহ হঠাৎ মারা যাওয়ার কোন রোগও নেই। তাই বিষয়টি রহস্যজনক। ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারন বলা যাবে।
কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম