বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। সোমবার সকালে বেনাপোলের গাতিপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
তিনি জানান, বিশেষ টহলদল বেনাপোলের গাতিপাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির গেটসংলগ্ন রাস্তার পাশ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সর্বমোট সিজার মূল্য দুই লাখ ১০ হাজার ৪০০ টাকা।
উদ্ধার করা অস্ত্র ও গুলি মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আশফাক