ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটিতে গ্রামে ফিরতে শুরু করেছেন শ্রমজীবী মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। পাশাপাশি সেতুতে টোল আদায়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।
সৈয়দ রিয়াজ উদ্দিন আরও বলেন, সোমবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চাপের কারণে থেমে থেমে যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল