বিশেষ অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ম্যাগজিনসহ তিন জনকে গ্রেফতার করেছে পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ও দিয়ারবাঘইল এলাকায় এই অভিযান চালানো হয়।
আজ বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
গ্রেফতারকৃতরা হলেন, ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শাহীন হোসেন (২০), ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রাং (৪৭) এবং একই উপজেলার মানিকনগর পশ্চিমপাড়ার মমিনুল ইসলাম খোকন (৩৩)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ এলাকা থেকে প্রথমে শাহীন ও হযরতকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে মমিনুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের নিকট থেকে জব্দ করা হয়, ১ টি বিদেশি সচল সেমি-অটোমেটিক সেলফ লোডেড রাইফেল, ১ টি বিদেশি ২২ বোর রাইফেল (ম্যাগজিনসহ), ১ টি সচল ৯ এমএম পিস্তল, ১ টি সচল ৭.৬৫ এমএম পিস্তল, ১ টি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক এবং বিভিন্ন বোরের মোট ১১৪ রাউন্ড তাজা কার্তুজ ও একাধিক ম্যাগজিন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গ্রেফতারকৃতরা মূলত পেশাদার সন্ত্রাসী। তারা এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিল। প্রায় এক সপ্তাহ ধরে ডিবি পুলিশের নিবিড় নজরদারির পর তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো বড় নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল