বগুড়ার কাহালু পৌর এলাকায় হঠাৎ একটি হুনুমানের দেখা মেলে। শনিবার সকাল ৯টার দিকে কাহালু পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে জামতলা এলাকায় ওই হুনুমানকে স্থানীয় লোকজন দেখতে পায়।
বন্যপ্রাণী হুনুমান লোকালয়ে প্রবেশ করায় মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিারজ করলেও উৎসুক জনতা হুনুমানটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। এসময় হুনুমানটি জামতলা এলাকায় একটি কড়ই গাছে উঠে। এরপর রেল লাইনের পাশে দোকানের টিনের চালে উঠে। দোকান ঘরের এক চাল থেকে আরেক চালে লাফালাফি করতে থাকে। দুপুরে রেলস্টেশন এলাকায় বিভিন্ন দোকানের চালে উঠে আপন ইচ্ছেয় হুনুমানটি ছোটাছুটি করতে থাকে। বিকেল ৩ টার দিকে কাঁচা বাজারে একটি পানির ট্যাংকে বসে থাকতে দেখা যায়। এসময় কয়েকজন প্রাণি প্রেমিক হুনুমানটিকে কলা, পাউরুটি খেতে দেয়।
কাহালু উপজেলা বন কর্মকর্তা হাসান আল তারিক জানান, এটি বন্যপ্রাণী। আতঙ্কের কিছু নেই। পথ ভুল করে লোকালয়ে প্রবেশ করেছে। আপন ইচ্ছেয় হুনুমানটি বনে চলে যাবে। তিনি হুনুমানটিকে ঢিল বা অন্য কিছু ছুঁড়ে উত্যক্ত না করার অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/এএম