চাঁদপুরের কচুয়ায় মোটর চুরির অভিযোগে শাকির হোসেন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে মামলা করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে বিকাশ চন্দ্র সরকার ও সোহরাব মিয়াসহ ১০ জনের নাম উল্লেখ ও ১২-১৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
নিহত শাকির হোসেন উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। উপজেলার দোয়াটি গ্রামের বিকাশ চন্দ্র সরকারের পোল্ট্রি খামারের সামনে তাকে পেটানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত শাকিরের মা সাহেরা বেগম ও মেয়ে তামান্না আক্তার জানান, শাকির হোসেন গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে দোয়াটি গ্রামে দলীয় একটি প্রোগামে যোগদানের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি আসছি বলে তার স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে শাকিরকে মারধর করা হয়েছে প্রতিবেশী এক যুবকের এমন ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারে তাকে পুলিশের সহায়তায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।
নিহতের স্ত্রী রোজিনা আক্তার জানান, তার স্বামী তাদের মাছের প্রজেক্টে মাছ দেখতে গেলে আসার পথে বিকাশ চন্দ্র সরকার পূর্ব পরিকল্পিতভাবে মোটর চুরির অভিযোগ এনে পিটিয়ে আহত করলে তার মৃত্যু হয়। আমার স্বামী মোটর চুরি করেনি।
কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছি। এ ছাড়া নিহতের স্ত্রীর একটি লিখিত এজাহার পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল