সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ে নিয়ে মতানৈক্যের জেরে প্রতিপক্ষের হামলায় আঞ্জুর মিয়া (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আঞ্জুর মিয়া(৪৫) একই এলাকার মৃত সাদুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানায়, ধল পূর্ব আশ্রম গ্রামে মৃত ছাদ্দিক মিয়ার ছেলে সৌমিকের সঙ্গে একই গ্রামের আজিজুল হকের মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়েতে আজিজুল হকের নিকট আত্মীয় আনহার মিয়ার লোকজনের অমত ছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ওই পক্ষকে বিয়েতে দাওয়াত দেওয়া হয়নি।
গতকাল বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। আজ আঞ্জুর মিয়া কনের বাড়ি থেকে বিয়ের মালামাল আনতে গেলে আনহার মিয়ার লোকজনের হামলার শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার তার মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/কামাল