কুষ্টিয়া- ৩ (সদর) আসনে নির্বাচনে পরাজয়ের পর বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হওয়ায় এ নিয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্লাটফর্মে বিএনপির অঙ্গ সংগঠনের দুই গ্রুপের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়।
এরপর কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আব্দুস সালামসহ তাদের নেতাকর্মীরা কুষ্টিয়া জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করেন।
পরে সুমনের লোকজন এসে স্টেশনের প্লাটফর্মের উপরে থাকা চায়ের দোকানে থাকা বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে। এরপর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এসে দুই গ্রুপকে হুশিয়ারি দিয়ে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এবিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন জানান, এটা উল্লেখযোগ্য কোনো ঘটনা নয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বার বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে কোন ধাওয়া পাল্টা ধাওয়ার কোন তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলে দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
পদ স্থগিত হওয়া নেতারা হলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির পরামর্শক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে এ ধরনের সিদ্ধান্ত প্রয়োজনীয় বলে মনে করে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল।
বিডি প্রতিদিন/হিমেল