বরিশালের বানারীপাড়ায় চাঁদা না পেয়ে আয়ুবেদিক চিকিৎসককে মারধরে ইউনিয়ন যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার যুবদলের কেন্দ্রীয় দপ্তরের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এর সত্যতা স্বীকার করে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা বলেন, এক আয়ুবেদিক চিকিৎসককে মারধরে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন- উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতি বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বায়ক জানানো হয়েছে।
বানারীপাড়া বাইশারী বাজারের আয়ুবেদিক চিকিৎসক বিভাস ঋষির কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে শুক্রবার তার ওপর হামলা করে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার সৃষ্টি হলে বহিষ্কার করা হয়।
বিডি প্রতিদিন/এএম