রোগীদের প্রয়োজন অনুযায়ী হাসপাতালে ২৪ ঘণ্টা অস্ত্রোপচার সেবা চালুর নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম বাবর। তিনি বলেছেন, ‘আগামী তিন মাসের মধ্যে চিকিৎসকদের ২৪ ঘণ্টা অস্ত্রোপচার চালু করতে হবে। এটা আমার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।’
মঙ্গলবার দুপুরে মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় চিকিৎসকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
কে. এম বাবর আরও বলেন, ‘হাসপাতালে সব ধরনের রোগীর চিকিৎসা সেবা দিতে হবে। অপ্রয়োজনে অন্যত্র রেফার করা যাবে না। প্রয়োজনীয় চিকিৎসক, যন্ত্রপাতি ও অবকাঠামোগত বিষয় সমাধানে যথাসম্ভব চেষ্টা করব। প্রয়োজনে সংসদেও চিকিৎসা সেবা নিয়ে কথা বলব। তারপরও আমি জনগণের কাছে যে ওয়াদা করেছি তা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। এ জন্য চিকিৎসকদেরও সহযোগিতা প্রয়োজন।’
এ সময় গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অমল চন্দ্র পাল, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. জীবিতেষ বিশ্বাস, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, মেডিসিন বিভাগের প্রধান ডা. সুভাষ চন্দ্র ভাদুড়ী, সার্জারি বিভাগের প্রধান ডা. মাসুদুর রহমান, শিশু বিভাগের প্রধান ডা. এস এম আলীনুর ইসলাম, গাইনি বিভাগের প্রধান ডা. ফারজানা, অর্থোপেডিক বিভাগের প্রধান কাঞ্চন ভট্টাচার্যসহ অন্যরা বক্তব্য রাখেন।
উপস্থিত চিকিৎসকেরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও চিকিৎসক সংকটের বিষয়টি তুলে ধরেন। তারা আশ্বস্ত করেন, গোপালগঞ্জের রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে আন্তরিকভাবে কাজ করবেন।
বিডি-প্রতিদিন/এমই