মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায় নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, সরকারের চলমান জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বাজারে অভিযান চালান। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
অভিযান চলাকালে জাটকা বিক্রির সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নৌ পুলিশ। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে উদ্ধার করা জাটকা পাশ্ববর্তী বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
নৌ পুলিশ আরও জানায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় সরকার নির্ধারিত সময়ে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ