মেহেরপুর জেলার গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সভাকক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে মিছিল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন। পরে তারা সভাকক্ষে ঢুকে চেয়ারম্যান আলম হুসাইনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং তাকে সভা থেকে বের করে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তাকে হেনস্তা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভা চলছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হুদা, সংসদ সদস্য, মেহেরপুর-২ আসন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে উপজেলা পরিষদ চত্বরে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে যুবদল বা সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাংনী থানার ওসি উত্তমকুমার দাস বলেন, উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ