গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিহতদের পরিবারের কাছে আর্থিক অনুদানের এসব চেক তুলে দেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান। বিআরটিএ ট্রাস্টি বোর্ড এসব অনুদান দেয়।
এদিন গোপালগঞ্জ সদরের ডুমদিয়া এলাকার গাজী মো. হাফিজুর রহমান, রুহুল আমীন খান, দুলাল খান, গোপীনাথপুর গ্রামের মো. অলিদ হাসান খান, ইছাখালী গ্রামের বাধন হাসান, দুর্গাপুর গ্রামের মাহিম বিল্লাহ, কাজুলিয়া গ্রামের একরাম শেখ ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা গ্রামের আলিশা মুসকানসহ নিহত ৮ জনের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
পরে জেলা প্রশাসক নিহতদের স্বজনদের সাথে কথা বলে তাদেরকে এই টাকা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করার অনুরোধ জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, বিআরটিএ সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউর রহমান, বিআরটিএ অফিস সহকারী মোয়াবিয়া, মো. ইয়াছিনসহ বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীসহ নিহতদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ