নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় চারটি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৫টি হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার বিকালে জেলা সদরের বাইপাস মোড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান ও প্রসেন জিৎ দাস।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প-এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল