বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতসহ তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আল আমিন তালুকদার। তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোটে বিজয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/কামাল