অস্বাস্থ্যকর নোংড়া পরিবেশে খাদ্য উৎপাদন করায় গাইবান্ধায় অভিযান চালিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত সুপার টেস্টি বেকারিসহ দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ধানঘড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীতে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন মুঠোফোনে বলেন, অননুমোদিত রঙ ও ফ্লেভার ব্যবহার করার কারণে সুপার টেস্টি বেকারির মালিককে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্যাকেটজাত করার কারণে আকি মুড়ি ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ ও গাইবান্ধা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ উর রহমান জানান, খাদ্যপণ্যে অননুমোদিত রঙ ও কৃত্রিম ফ্লেভার যুক্ত খাবার খেলে মানুষের অনেক সময় বমি, পেটব্যথা, ডায়রিয়া বা বদহজম হতে পারে। এছাড়া শরীরে অ্যালার্জি, লিভার, কিডনি, ক্যানসারসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।
বিডি প্রতিদিন/এএম